২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক পুলিশের বিরুদ্ধে মামলা বাংলাদেশি আইনজীবীর

'অন্যায়ভাবে' গ্রেপ্তার, লাঞ্ছিত ও হয়রানির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত এক আমেরিকান আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 11:26 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

৪২ বছর বয়সী সন্তলী হকের অভিযোগ, পুলিশ 'অহেতুক' দৈহিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তার 'অপূরণীয়' ক্ষতি করেছে। নানা ধরনের প্রশ্নের মুখে জনসম্মুখে তাকে বিব্রত হতে হচ্ছে।

এ অভিযোগেই বুধবার ম্যানহাটন ফেডারেল আদালতে মামলা  করেন তার আইনজীবী রেবেকা হেইনেজ।

হয়রানির শিকার মানুষকে আইনগত সহায়তা দিয়ে পরিচিতি পাওয়া সন্তলী বলেন, গত ১৯ জুলাই স্বামী এবং ছয় ও দশ বছর বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে এক সমাবেশে অংশ নেন।

এরইমধ্যে দুই সন্তানকে নিয়ে তার স্বামী পাশের রুবি টুইসডে রেস্তোরাঁয় যান। আর তাদের অপেক্ষায় সম্তলী দাঁড়িয়েছিলেন রেস্তোরাঁর বাইরে পথচারী চলাচলের জায়গায়।

এমন সময় পুলিশ এসে তাকে সরে যেতে বললে স্বামী সন্তানের অপেক্ষায় থাকার কথা বুঝিয়ে বলেন সম্তলী। কিন্তু ওই পুলিশ সদস্য তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।

থানায় পরিচয়পত্র পর্যবেক্ষণ করে নামের শেষে স্বামীর পদবী যুক্ত না থাকায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আরো দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন এই আইনজীবী।

গ্রেপ্তারের সময় পুলিশ উদ্দেশ্যমূলকভাবে হাতে ব্যথা দেয় বলেও মামলায় অভিযোগ করেছেন সম্তলী হক।

সেদিন তাকে নয় ঘণ্টা থানায় আটকে রেখে আদালতে তোলা হয়। ছয় মাসের মধ্যে অন্য কোনো অভিযোগে গ্রেপ্তার না হওয়ার মুচলেকায় বিচারক তাকে মুক্তি দেন।

সম্তলীর মামলার এজাহারে বলা হয়, অভিবাসী হওয়ায় এবং মুসলিম পোশাকে থাকায় তাকে হেনস্তা হতে হয়। নিউ ইয়র্কে  এভাবে ধর্ম-বর্ণ -জাতীয়তার কারণে নিরীহ মানুষকে প্রায়ই  হয়রানির শিকার হতে হচ্ছে।

ঘটনাটি নিউ ইয়র্কের পত্রিকাগুলোয় গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।