২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রদূত লি জুন বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে চীনা সহায়তা অব্যাহত রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবদুল হামিদ বলেন, “চীনের গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সমর্থন করে। ‘একচীন’ নীতির প্রতিও বাংলাদেশের দৃঢ় সমর্থন রয়েছে।”

বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে চীনা সহায়তার অংশ হিসেবে ‘সুপার হাইব্রিড’ চালের বীজ এবং এর গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়ার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

চীনা রাষ্ট্রদূতকে তার সফল কর্মকাল এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগে সহকারী মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দনও জানান তিনি।

লি জুন বাংলাদেশে তার কাজের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীন তার সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী।

চীন তার দেশের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আলাদা অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) চায় বলেও জানান তিনি।

এর আগে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

রাষ্ট্রপতি এসময় ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অনুরোধ জানান রাষ্ট্রদূতকে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।