২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনরাই ভোটার হতে বেশি উৎসাহী: ইসি সচিব

রাজধানীর পাশেই একটি ভোটার হালনাগাদ কেন্দ্রের কার্যক্রম দেখার পর নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যেই ভোটার হতে উৎসাহ বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:53 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ভাটারা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটার হালনাগাদে নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, "নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহের পর ছবি তোলা ও ডাটা এন্ট্রি করে নিবন্ধিত হতে নতুনরাই কেন্দ্রে ভিড় করছে।"

পরিদর্শনকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “যারা নতুন ভোটার হচ্ছেন তারা অবশ্যই খুব সচেতনভাবে ফরম পূরণ করবেন। তা না হলে পরবর্তীতে অনেক ভোগান্তিতে পড়তে হয়।"

২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বা তার বেশি হচ্ছে ভোটার তালিকায় তারাই এবার অন্তর্ভুক্ত হতে পারছেন। হালনাগাদের সময় মৃতদের বাদ, স্থানান্তর ও সংশোধনের কাজও চলছে।

গত ২১  অগাস্ট ঢাকার আশপাশের ১৬টি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ১ সেপ্টেম্বর থেকে ছবি তোলা ও রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আর ঢাকা মহানগরীতে তথ্যসংগ্রহের কাজ শুরু হয়েছে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে, যা চলবে ১০ তারিখ পর্যন্ত।

সিরাজুল ইসলাম বলেন,  "বাড়িতে না থাকার কারণে যারা তথ্য সংগ্রহ বা রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে যাবেন তাদেরকে তথ্য সংগ্রহকারীদের মোবাইল নম্বর দিতে নির্দেশনা দেয়া হয়েছে।"

"যাতে বাদ পড়ে যাওয়া ব্যক্তিরা পরবর্তীতে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করতে পারেন। আর যারা রেজিস্ট্রেশন করবেন তারা যেন তাদের পুরো নাম অন্তর্ভুক্ত করেন।"

নিবন্ধন কার্য্ক্রম পরিদর্শনকালে ইসির উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ, জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সম্প্রতি ভোটার হালনাগাদ সংক্রান্ত সমন্বয় কমিটির এক বৈঠকে ঢাকার মহানগরীর দুই সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকাকে হালনাগাদের বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে নির্বাচন কমিশন।

মহানগরীর ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরুর আগেই ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বর্তমানে জনপ্রতিনিধি নেই। সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এর আগে জনপ্রতিনিধিরাই ভোটারদের উদ্বুদ্ধ করতে, তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে এবং ভোটার সনাক্ত করতে সহযোগিতা করতেন।

ইসি সচিব সিরাজুল ইসলাম ওই সভায় বলেন, "জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে এবার কাজটি করতে চ্যালেঞ্জিং হবে। সবার সহায়তা নিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।"  

ভোটার হালনাগাদ করতে মহানগরীর অনেক বাসাতে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়, বহুতল ভবনে লিফট থাকে না, অনেক বাসায় একাধিকবার গিয়েও সাড়া পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তার কারণে বাসা বাড়িতে বিড়ম্বনায় পড়তে হয় তথ্য সংগ্রহকারীদের।

সভায় তথ্য সংগ্রহকারী পরিচয়ে কোন দুষ্কৃতকারী যেন অঘটন ঘটাতে না পারে তা বিবেচনায় নিয়ে নির্ধারিত পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ দেয় ইসি।

বৈঠকে এর পাশাপাশি জনপ্রতিনিধির অনুপস্থিতিতে মহল্লার নিরপেক্ষ ব্যক্তিদের সহযোগিতা নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রতি বাড়িতে যাওয়া নিশ্চিতের পরামর্শও দেন ইসি কর্মকর্তারা।