রেস্তোরাঁয় আন্তঃমন্ত্রণালয় সভার পর ভরপেট দুপুর
কোরবানির ঈদ সামনে রেখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ছিল ভুরিভোজের আয়োজন।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সাতশ লোক রাজধানীর রমনা রেস্তোরাঁয় ওই ভোজে অংশ নেন।
সভায় উপস্থিত চার মন্ত্রী, সব বিভাগীয় কমিশনার, ঢাকার আশেপাশের জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন ভোজে।
রেস্তোরাঁর তত্ত্বাবধায়ক অনীল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেবিলে দেয়া হয়েছিল সাদা ভাত, সবজি, টাকি মাছের ভর্তা, মুরগি ও বড় আকারের আইড় মাছ।
সভা উপলক্ষে ৫০০ জনের খাবারের ব্যবস্থা রাখতে বলা হলেও পরে সেই সংখ্যা সাতশ ছাড়িয়ে যায় বলে জানান তিনি।
অনীল বলেন, “খাবারে মূল্য পড়েছে জনপ্রতি এক হাজার ৫০ টাকা।”
তবে বিল পরিশোধ করা হয়েছে কোন দপ্তর থেকে- সে বিষয়ে কিছু জানা যায়নি।
সভার পরে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এখানে মিটিংটা দিয়েছি কারণ আপনারা যেন ভালভাবে বসতে পারেন। অনেকে দূর দূরান্ত থেকে আসেন, এজন্য বসার ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি।”
মন্ত্রণালয়ের এক ঊধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভার তালিকায় ১৪১ জনের নাম রয়েছে, প্রায় একশ সাংবাদিকদের জন্য ব্যবস্থা হয়েছে। তবে উপস্থিতির সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে।”
