মহানবীর রওজা ভাঙার প্রস্তাব: চট্টগ্রামে বিক্ষোভ
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা বা সমাধি ভেঙ্গে তার দেহাবশেষ সরিয়ে নেয়ার প্রস্তাবের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘির ময়দানে করেছে সুন্নি আন্দোলন নামের একটি সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক শিক্ষাবিদের সঙ্গে আলোচনার পর মহানবীর রওজা সরিয়ে নেয়া সংক্রান্ত একটি প্রস্তাব এরই মধ্যে মদিনার ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
গুরুত্বের দিক থেকে মুসলমানদের কেবলা কাবা শরিফের পরই মসজিদে নববীর স্থান। এখানেই রয়েছে মহানবীর (সা.) রওজা বা সমাধি। প্রতিবছর হজের সময় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম স্থানটি জিয়ারত করেন। মসজিদে নববী মুসলিমদের কাছে দ্বিতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত।
সমাবেশে সুন্নি আন্দোলনের প্রধান উপদেষ্টা সৈয়দ ছাইফুর রহমান নিজামী বলেন, দেশের ও বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে মহানবীর রওজা সরিয়ে নেয়ার যে সংবাদ প্রকাশ হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক।
“মহানবীর রওজা সরিয়ে নেয়ার ভয়াবহ চক্রান্ত চলছে। যেকোন মূল্যে এ চক্রান্ত প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর।”
সমাবেশ থেকে বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও বিশ্বের সব দায়িত্বশীল সরকারকে এ বিষয়ে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
এর আগে বুধবার এবিষয়ে সৌদি আরব সরকার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আগামী রোববার দেশটির দূতাবাস ঘেরাওয়ের আল্টিমেটাম দেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতারা।
