২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় কুড়িগ্রামে ২৪০ কোটি টাকার ফসলের ক্ষতি

বন্যায় কুড়িগ্রামের প্রায় দুই লাখ কৃষকের জমির ফসল নষ্ট হয়ে ২৪০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 08:41 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যায় জেলার খাদ্য নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি ধান বীজ ও আমন বীজ তলারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমোরসহ ছোট-বড় ১৬টি নদ-নদীর অববাহিকায় থাকা ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়। অন্তত ১৬ দিন ধরে জেলার ৭০০ বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে ছিল।

জেলা সদরের পাঁচগাছি ইউনিয়নের বেশ মোজাম্মেল, সিরাজুল ইসলাম ও দছদ্দি মিয়াসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এবার খরার কারণে জমিতে সেচের জন্য বিঘাপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করতে হয়েছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর উচ্চ মূল্যে জমিতে সারও দেন তারা। মাত্র লকলকিয়ে ধানের চারা গজিয়ে উঠতে না উঠতেই ফসলের সঙ্গে সঙ্গে তাদের বানের পানি তাদের সব আশাও ডুবিয়ে দিয়েছে।

এখন বানের পানি নেমে গেছে, রেখে গেছে ধানের মরা চারার গোড়া আর তার সঙ্গে কৃষকের দীর্ঘশ্বাস ও কান্না। নিজের নষ্ট ধান ক্ষেত দেখাতে কষ্ট আর চেপে রাখতে পারলেন না মোজ্জাম্মেল।

কান্নায় ভেঙ্গে পড়ে তিনি বলেন, “বাহে অনেক আশা করি ধান লাগাইছিলং, বানে আসি সউগ খায়া নিয়া গেইল। হামারগুলার আশাও শ্যাষ, ভরসাও শ্যাষ। বানের পানি আসি টাকাও খাইল, ফসলও খাইল। ঘরোত খাবারও নাই, টেকাও নাই। এ্যালা জমিত কি গাড়মো, কি করমো চোকোত শরষা ফুল দেকপের নাগছি।”

মোজ্জাম্মেলের মতো একই রকম দুর্দশা ও অসহায়ত্ব বন্যাদুর্গত এই জেলার হাজার হাজার কৃষকের। বন্যার পানি নামার পর এখন নতুন করে বীজতলা তৈরি করে রোপা আমন ধান লাগানোর মতো সময়ও নেই। সেইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পড়েছে  আর্থিক সংকটে।

সরকারিভাবে পুনর্বাসন ও ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ না নিলে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. আফছার আলী জানান, চলতি আমন মৌসুমে জেলায় আবাদ হয়েছে এক লাখ ৯ হাজার ৬৯৪ হেক্টর। এর মধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ২০৩ হেক্টর জমির ফসল। বন্যার পানি ১৬ দিন স্থায়ী থাকায় ৩২ হাজার ৩৯৫ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ২৪০ কোটি ৭১ লাখ টাকা।

তিনি বলেন, “এর মধ্যে রোপা আমন ধানে ২৩২ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা, আমন বীজ তলায় ৪৫ লাখ ১০ হাজার টাকা, আউশ ধানে ১৯ লাখ টাকা এবং শাক সবজিতে ক্ষতি হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।”

জেলার ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৬৩৭টি বলে জানান তিনি।

তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষিবিভাগ থেকে নাবী জাতের ধানসহ শাক সবজি, আগাম রবি শস্য বিশেষ করে সরিষা, গম, ভূট্টা ও মাসকালাই চাষের পরামর্শ দেয়া হচ্ছে।

“এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা প্যাকেজ সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।”