২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পাঠানোর নামে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ২

চট্টগ্রামে লিবিয়ার জাল ভিসা তৈরি করে মানব পাচারের অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বুধবার রাতে নগরীর এনায়েত বাজার জুবলী রোডে ‘রেক্স ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, রেক্স ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক মোহাম্মদ আলী (৪২) ও ব্যস্থাপক মীর মো. সাইফুল সাদী।

এসময় তাদের কাছ থেকে ৯১টি পাসপোর্ট, লিবিয়ার ১৩টি জাল ভিসা, ভিসা ফরম, বহির্গমন ফরমের বই ও সিলসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুল আলম তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "লিবিয়াতে জনশক্তি রপ্তানি বন্ধ থাকার পরও প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে লিবিয়া পাঠানোর নাম করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বলে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ ছিল।"

গ্রেপ্তারদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিকালে আদালতে হাজির করা হয় জানিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নুরুল আলম বলেন, "তাদের বিরুদ্ধে বহির্গমন আইন, পাসপোর্ট আদেশ ও প্রতারণার আইনে মামলা করা হয়েছে।"