২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগের বৈধতা: খালেদার দুই আবেদনের শুনানি শুরু

দুটি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে করা আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার আসামিপক্ষের একজন আইনজীবীর বক্তব্য শুনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রোববার পর্যন্ত শুনানি মুলতবি করে।

খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন জয়নুল আবেদীন। তিনি হাই কোর্টের রায় পড়ে শোনান। খালেদার অপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেনও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপার্সনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।

ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন খালেদা। সেখানে তার আবেদন খারিজ হলে এর বিরুদ্ধে আপিল বিভাগে এ দুটি আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে আইনজীবীদের আবেদনে এই শুনানি দিন দফা পেছানো হয়। সর্বশেষ গত ১ সেপেম্বর খালেদার আবেদন কার্যতালিকায় এলেও সেদিন শুনানি হয়নি।

সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা এ দুই মামলায় খালেদার আরো চারটি আবেদন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

মামলা দুটি বাতিলের জন্যও হাই কোর্টে এসেছিলেন বিএনপি চেয়ারপার্সন। কিন্তু তার ওই আবেদনও খারিজ হয়। এ বিষয়ে তার আপিল আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।

২০১১ সালের ৮ অগাস্ট জিয়া ‘দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা’ দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয় ২০১২ সালের ১৬ জানুয়ারি।

তেজগাঁও থানার এ মামলায় ‘ক্ষমতার অপব্যবহার করে’ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

অন্যদিকে জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ২০১০ সালের ৫ অগাস্ট এ মামলার অভিযোগপত্র দেয়া হয়।

এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের বিশেষ এজলাস বসিয়ে এই দুই মামলার বিচার চলছে।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জিয়া এতিমখানা ট্রাস্টের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে। আর জিয়া চ্যারিটেবল (দাতব্য) ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি হিসাবে রয়েছেন আরও তিনজন।

এতিমখানা ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এদের মধ্যে সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। তারেক উচ্চ আদালতের জামিনে দেশ ছাড়ার পর গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এ মামলায় তাকে পলাতক দেখানো হয়েছে।

দাতব্য ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে মামলার শুরু থেকেই পলাতক হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।

পুরনো খবর:

খালেদার মামলায় সাক্ষ্য পিছিয়ে ১০ সেপ্টেম্বর