নীলফামারীতে শিশুকে গলাকেটে হত্যা
নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনার সময় টাকা লুটেরও অভিযোগ পাওয়া গেছে।
নিহত জান্নাতী আক্তার (১০) ওই গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও কুমারগাড়ি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
শিশুটির বাবা আব্দুল গফুর বলেন, বৃহস্পতিবার সকালে সাব রেজিস্ট্রি অফিসে জমি দলিল করার জন্য ব্যাংক থেকে সোয়া চার লাখ টাকা তুলে ঘরে রেখেছিলাম। কিন্তু ভোরে এক নিকট আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে সেখানে চলে যাই।
ঘরে রাখা ওই নগদ টাকাগুলো খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, আব্দুল গফুরের ঘরে তালাবদ্ধ অবস্থায় মেয়েটির লাশ ও রক্ত মাখা একটি দা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “বাড়িতে থাকা নগদ টাকা নিয়ে যাওয়ার সময় মেয়েটি দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
