টাঙ্গাইলে ফের যৌনপল্লী উচ্ছেদ চেষ্টা কট্টরপন্থীদের
প্রায় দুই মাস পর টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী থেকে চলে যাওয়া যৌনকর্মীরা ফিরতে শুরু করলেও আবারও তাদের উচ্ছেদে বিক্ষোভ সমাবেশ ও সড়কে অবস্থান নিয়েছে ‘অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র ব্যানারে একদল মাদ্রাসা শিক্ষক ও ইমাম।
স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে শহরের কান্দাপাড়া যৌনপল্লীর কর্মীরা ফিরে আসতে শুরু করে। রাতে তারা তাঁবু টাঙিয়ে থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে বাঁশ ও টিন দিয়ে ঘর তৈরি শুরু করেছে তারা।
যৌনকর্মীরা ফিরে আসার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে সমাবেশ করেছে ‘জেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’।
সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে যৌনপল্লী অভিমুখে যাওয়ার সময় শহরের প্রধান সড়কে সিটি ব্যাংকের সামনে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও টাঙ্গাইল মডেল থানার ওসি আক্তারুজ্জামান কমিটির সভাপতি আব্দুল আজীজের সঙ্গে অবস্থান সরিয়ে নেয়ার ব্যাপারে কয়েক দফা কথা বললেও তারা রাজি হননি। পরে বিকেল ৪টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লাল হোসেনের নেতৃত্বে প্রশাসনের একটি দল এ বিষয়ে রোববার বৈঠকের আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেয়।
সকালে জামে মসজিদে সমাবেশে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি ও ধুলেরচর মাদ্রাসার মুহতামিম আব্দুল আজীজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. শামসুজ্জামান, সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের খতিব মো. আশরাফুজ্জামান কাশেমী, রেজাউল করিম, মোহাম্মদ ইয়াসিন, শামসুল ইসলাম, আব্দুল হান্নান, মোহাম্মদ ফয়সাল, টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানের সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইলের কিছু দালাল যৌনকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের এখানে পুনর্বাসনের কাজ শুরু করেছে। কিন্তু জেলার তৌহিদী জনতা বেঁচে থাকতে তাদের এ কর্মকাণ্ড সফল করতে দেয়া হবে না। এখানে পুনরায় ‘পতিতালয়’ স্থাপন করতে দেয়া হবে না। তারা এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ‘পতিতালয়ের’ দালালদের তালিকা তৈরি করা হবে।কোন মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবে না।
এ ঘটনায় শহরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শহরের কান্দাপাড়া পল্লীকে ঘিরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
যৌনকর্মী আখি বেগম বলেন, “আর কোন অশুভ শক্তিই আমাদের এ জায়গা থেকে সরাতে পারবে না। যারা উচ্ছেদ করেছে, তারা যে অন্যায় করে আমরা সে রকম অন্যায় করবো না। আমরা শুধু দেহ বিক্রি করে জীবন ধারণ করি। মরলে আমরা এই জমিতেই মরতে চাই।”
যে মেয়েরা (যৌনকর্মী) বিভিন্ন স্থানে রয়েছে এবং অন্যান্য যৌনপল্লীতে আশ্রয় নিয়েছিল তারাও আসতে শুরু করেছে জানিয়ে তিনি আরো বলেন, ৩০/৪০ জন যৌনকর্মীর নিজের নামে এখানে জায়গা রয়েছে। তারাও পুনরায় ঘর তৈরির কাজ শুরু করেছে।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, “উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।”
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, “যৌনকর্মীরা ফিরছে এ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই। তবে কাউকে আইনশৃংখলা বিঘœ ঘটাতে দেয়া হবে না।”
টাঙ্গাইলে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আন্দোলনের মুখে গত ১২ জুলাই প্রায় দেড়শ’ বছরের পুরনো কান্দাপাড়া যৌনপল্লীর সাড়ে আটশ’ যৌনকর্মী একরাতেই তাদের আবাসন ছেড়ে চলে যায়। যৌনকর্মীরা চলে যাওয়ার পর থেকেই ঘরবাড়ি ভাঙ্গার কাজ শুরু করে দেয় ৫৬ জন বাড়ির মালিক ও সর্দারনীরা।
