‘ডেনিম এক্সপো’ নভেম্বরে
বাংলাদেশের ডেনিম পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী নভেম্বরে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১১ ও ১২ নভেম্বর হোটেল র্যাডিসন ব্লুতে ‘ডেনিম এক্সপো’ শিরোনামে এ প্রদর্শনীতে বাংলাদেশসহ ১০টি দেশের প্রতিষ্ঠান অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ডেনিম এক্সপো’র ওয়েবসাইট (www.bangladeshdenimexpo.com) উদ্বোধন করা হয়।
ডেনিম শিল্পের জন্য বাংলাদেশকে ‘ওয়ান স্টপ ইনোভেটিভ ডেনিম সোর্সিং প্ল্যাটফর্ম’ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন।
তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য বিশ্বের সকল ডেনিম স্টেকহোল্ডারদের জন্য এমন একটি ক্ষেত্র তৈরি করা; যেটি ডেনিম শিল্প সংশ্লিষ্ট সকলকে উপকৃত করবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ডেনিম এক্সপোতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইতালি, চীন, ভারত, পাকিস্তান ও তাইওয়ানের প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন করবে।
এক্সপোতে দর্শনার্থী হিসেবে আসতে আগ্রহীদের ডেনিম এক্সপোর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
বর্তমানে বিশ্বে প্রায় সাত বিলিয়ন মিটার ডেনিম উৎপাদিত হয়, যার ৭০ শতাংশই এশিয়ার বিভিন্ন দেশে তৈরি হয়।
