ঈদে সিএনজি স্টেশন খোলা ২৪ ঘণ্টা, চলবে না ট্রাক
ঈদুল আজহা ঘিরে ১০ দিন দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। পাশাপাশি ঈদের আগে-পরে মিলিয়ে ছয়দিন মহাসড়কে ট্রাক চলাচলে থাকবে কড়াকড়ি।
বৃহস্পতিবার রাজধানীর রমনা রেস্তোরাঁয় এক আন্তঃমন্ত্রণালয় সভার পর সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১ থেকে ১১ অক্টোবর দেশের সব সিএনজি ফিলিং স্টেশন রাত-দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলবে না।
তবে পোশাক, কাঁচা চামড়া ও নিত্যপণ্যবাহী বাহন এর আওতামুক্ত থাকবে বলে জানান মন্ত্রী।
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। তার আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।
ওই সময় সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতেই রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন মালিকরা এ বৈঠকে অংশ নেন।
সভায় মোট ৩৬টি সিদ্ধান্ত হয় বলে ওবায়দুল কাদের জানান।
তিনি বলেন, “মহাসড়কে কোরবানীর পশুহাট ও পশুবাহী যানবাহনের জন্য যানজট সৃষ্টি হয়, মহাসড়কগুলোতে যেন পশুহাট না বসে এবং ফিটনেসবিহীন যানবাহনে যেন পশু পরিবহন করা না হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।”
ঈদের আগে অনেক সময় পশু পরিবহনকারী ফিটনেসবিহীন যানবাহন নষ্ট হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি করে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, ঈদের সময় রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এবার বাবুবাজার, নয়াটোলা, আরমানীটোলা ও তালতলায় পশুর হাট বসানো যাবে না।
সড়ক ও মহাসড়কে যেখানে সমস্যা রয়েছে তা দ্রুত মেরামত করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, “কোনো অজুহাত শুনতে চাই না, সমাধান করতেই হবে। যেভাবেই হোক রাস্তাগুলো চলাচলের উপযোগী করতে হবে।”
এছাড়া কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিশেষ ব্যবস্থা নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক সভায় বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তাদের মন্ত্রণালয় আলাদা বৈঠক করবে।
