২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বিজিবি-চোরাচালানি গোলাগুলি, আহত ১

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি ও সার পাচারকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 01:44 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

আহত আনোয়ারকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে  বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিজিবি টেকনাফ-৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীতে নাফ নদীর সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ১০ বস্তা (৫০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়।

তিনি বলেন, “সকালে মিয়ানমারে সার পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল খারাংখালী নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দা ও ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাচারকারী দলের ১৫/২০ জনের একটি দল বিজিবির উপর হামলা চালায়।

“এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে আটক করা হয়।”