২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যাদুর্গতদের ত্রাণ দিবে গণজাগরণ মঞ্চ

বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 11:57 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

এরই অংশ হিসেবে প্রথম দফা শুক্রবার জামালপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি জানান, ওইদিন সকাল ৭টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর থেকে মঞ্চের ত্রাণযাত্রা শুরু হবে।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়ে ইমরান বলেন,  সারা দেশে বন্যার ভয়াবহ বিস্তারে উদ্বেগ প্রকাশ করছে গণজাগরণ মঞ্চ। বন্যায় দেশের বেশির ভাগ এলাকা প্লাবিত হলেও এখন পর্যন্ত উপদ্রুত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সুবিধা পৌঁছেনি।

তিনি বলেন, একদিকে নদী ভাঙনে সহায় সম্বলহারা অসংখ্য মানুষ আশ্রয়কেন্দ্র এবং উঁচু স্থানে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে এখনো লাখ লাখ অসহায় মানুষ পানিবন্দি থাকলেও তাদের প্রতি উল্লেখযোগ্য কোনো সহায়তা কার্যক্রম এখন পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি।

গণজাগরণ মঞ্চ ক্ষুদ্র সামর্থ্য নিয়েই বন্যাদুর্গত সহায়সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

“আমরা বন্যার্ত মানুষদের জন্য বিভিন্ন শুকনো খাবার- চাল, ডাল, আলু, চিড়াসহ জরুরি ঔষধপত্র এবং পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট নিয়ে যাচ্ছি,” বলেন ইমরান।

তিনি বলেন, “একদল তরুণ চিকিৎসক এই ত্রাণযাত্রায় অংশ নেবেন এবং বিভিন্নস্থানে বন্যার্ত মানুষদেরকে চিকিৎসা সুবিধা দেয়া ও পানিবাহিত বিভিন্ন রোগ বিষয়ে সতর্ক করার ক্ষেত্রে কাজ করবে।”

গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকদের ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এতে কোন আর্থিক সহায়তা নেয়া হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে যে কেউ এই ত্রাণযাত্রায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

আর মঞ্চের পক্ষ থেকে এবিষয়ে বিস্তারিত জানতে ০১৭৮১৬২৮১১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।