গাছ লাগান: এমপিদের প্রধানমন্ত্রী
সংসদ সদস্যদের বৃক্ষরোপনে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “বৃক্ষ রোপন এখন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। মাননীয় সংসদ সদস্যরা এই দায়িত্ব নিতে পারেন। আমরা সহায়তা করবো।”
“আমি আবার, সংসদ সদস্যদের অনুরোধ করবো- নিজেদের উদ্যোগে বৃক্ষরোপন করতে”
পার্বত্য চ্ট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া প্রকল্প সংক্রান্ত এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি হলেও বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে এর বাস্তবায়ন বন্ধ করে দেয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন ‘উপজাতি’কে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তারা একজন ‘অউপজাতি’-কে নিয়োগ দেয়।
“২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হলেও বিএনপি-জামায়াতে সময় এ কমিশন অকার্যকর ছিল। যে কারণে সেখানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসে ঘাটতি তৈরি হয়।”
প্রধানমন্ত্রী জানান, শান্তিচুক্তিতে ৭৮টি ধারা রয়েছে। এরমধ্যে ৪৮টি বাস্তবায়িত, ১৫টি আংশিক বাস্তবায়িত এবং নয়টি বাস্তবায়নাধীন রয়েছে।
ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার বিরোধপূর্ণ সমুদ্র এলাকার মধ্যে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল বাংলাদেশকে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা দিয়েছে।
“এখন সমুদ্রে মৎস্য শিকার, তেল-গ্যাস অনুসন্ধান, সমুদ্রসীমা রক্ষাসহ সব অধিকার সুরক্ষায় কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”
সম্প্রচার নীতিমালার বিষয়ে নুরুল ইসলামের (মিলন) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রণয়নের জন্য ২০১২ সালের ১ নভেম্বর ১৬ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়। কমিটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
“তারা বিবিসিসহ পাশ্ববর্তী দেশগুলোর নীতিমালা পর্যালোচনা করে খসড়া চূড়ান্ত করে।”
২০১৩ সালে সেপ্টেম্বরে খসড়া নীতিমালা সাধারণ মানুষের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এতে অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স (এটকো) আর্টিকেল-৯, টিআইবি, এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সমিতি, পত্রপত্রিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত পাওয়া যায়।”
“পরে এ সংক্রান্ত কর্মশালায়ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মতামতের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত খসড়া তৈরি করে।”
তিনি বলেন, “পরে মন্ত্রীসভা গত ৪ আগস্ট সামান্য সংশোধনীসহ খসড়াটি অনুমোদন করে। কাজেই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নীতিমালাটি প্রনয়ন করা হয়েছে। এখন সমালোচকরা যেসব প্রশ্ন উত্থাপন করছেন, খসড়া চূড়ান্ত করার আগে তারা তা উত্থাপন করেননি।”
