গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি
গাইবান্ধায় নদ-নদীর পানি বিপদ সীমার নীচে নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। বেশিরভাগ এলাকার মানুষ ঘরে ফিরতে শুরু করলেও এখনো পানিতে ডুবে আছে কিছু কিছু এলাকা।
বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগের চিকিৎসার জন্য ৫০টি মেডিকেল টিম কাজ করছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল জানান, নদ-নদীর পানি বিপদ সীমার নীচে চলে এসেছে। লোকজন ঘরে ফিরতে শুরু করেছে।
তবে নীচু এলাকাগুলোতে পানি কমতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মীর মো. আব্দুর রাজ্জাক জানান, বন্যায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ৩০টি ইউনিয়নে ৩৬ হাজার কৃষকের তিন হাজার ৪২৯ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে।
এসব জমির মধ্যে তিন হাজার ১০৫ হেক্টর আমন, ১২৪ হেক্টর আমন বীজতলা, ১০০ হেক্টর আউশ এবং ১০০ হেক্টর জমির শাক সবজি নষ্ট হয়ে গেছে।
তিনি আরো জানান, পানি নেমে যাওয়ার পর এসব জমিতে ভুট্টা, মাস কালাই ও শাক-সব্জি লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার বন্যা কবলিত মানুষের অভিযোগ, এসব এলাকায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে।
এ ব্যাপারে গাইবান্ধার সিভিল সার্জন আহাদ আলী জানান, বন্যা কবলিত এলাকায় ৫০টি মেডিকেল টিম কাজ করছে। বুধবার বিভিন্ন হাসপাতাল ও ক্যাম্পে দেড় শতাধিক ডায়রিয়া রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলাম জানান, বন্যার কারণে ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান এখনো বন্ধ আছে।
গাইবান্ধা জেলা প্রশাসক এহসানে এলাহী জানান, জেলার বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসন, রেড ক্রিসিন্ট ও বিভিন্ন এনজিওর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত আছে।
