গাজীপুরে পলাতক আসামি গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামিকে চার দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান জানান, বুধবার সকালে উপজেলার জাথালিয়ায় বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেনকে (২৩)।
কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের ভাতাড়িয়া এলাকার বাসিন্দা দেলোয়ার গত ৩০ অগাস্ট চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়া খুলে পালিয়ে যায়।
এর আগের দিন শুক্রবার রাতে বলিয়াদি বাজার এলাকা থেকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হন দেলোয়ার ও তার সহযোগী লিটন মিয়া। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার হয়।
শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের সাজা দিলে তাদের গাজীপুর জেল হাজতে নিয়ে যায় পুলিশ। কিন্তু কাগজপত্রে ত্রুটি থাকায় জেল থেকে থানায় ফেরত পাঠানো হয় তাদের।
এই সময়ে জয়দেবপুর থেকে কালিয়াকৈর নেয়ার পথে আসামি দেলোয়ার পালিয়ে যায়।
চার দিন পরে বুধবার সকালে জাথালিয়ায় অভিযান চালিয়ে তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরইমধ্যে এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কালিয়াকৈর থানার দুই কনস্টেবলকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ দুই কনস্টেবল হলেন-রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন।
