২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ৮ সেপ্টেম্বর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

ডুয়েটের ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যন্ত্রকৌশল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা। 

তিনি আরো জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০ আসনের বিপরীতে বাছাই করে চার হাজার তিনশ ৭৭ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। প্রতি আসনের জন্য গড়ে লড়ছে ৮ জন পরীক্ষার্থী।

বিভাগ অনুযায়ী পুরকৌশল বিভাগে ১২০ আসনের বিপরীতে লড়ছেন ৯৭৩ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে এক হাজার ১০৭ জন প্রতিযোগিতা করছেন ১২০টি আসনের বিপরীতে, যন্ত্রকৌশল বিভাগের ১২০টি আসনের বিপরীতে লড়ছেন ৮১৯ জন পরীক্ষার্থী।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ আসনের বিপরীতে ৩৭৯, টেক্সটাইল বিভাগে ৬০ আসনের বিপরীতে ২১৫ জন, আর্কিটেকচার বিভাগে ৩০ আসনের বিপরীতে ১৬৫ জন  এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ আসনের বিপরীতে ৭১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন।