২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ২ খুনিকে খুঁজে ‘পাচ্ছে না’ ভারত সরকার

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যে দুজন ভারতে পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে নয়া দিল্লি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 08:22 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীর সঙ্গে বৈঠকে প্রসঙ্গটি তুললে তাকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরতের বিষয়টিও ওঠে। নূর হোসেনকে ফেরত পাঠাতে নয়া দিল্লির কোনো আপত্তি নেই বলে অনীল গোস্বামী প্রতিমন্ত্রীকে জানিয়েছেন।

দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের জন্য ঢাকায় আসা অনীল গোস্বামীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের সময় বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানও উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত আরো সাতজন বিভিন্ন দেশে পালিয়ে আছেন। এর মধ্যে আব্দুল মাজেদ ও মোসলেম উদ্দিন ভারতে পালিয়ে আছেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ তাদের ফেরতের অনুরোধ করে আসছে; ভারতও বলে আসছিল, তাদের পাওয়া গেলে ধরে ফেরত পাঠানো হবে।  

ভারতের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তিনি (অনীল)আমাদের বলেছেন- আপনারা দাবি বা সন্দেহ পোষণ করছেন যে ভারতে বঙ্গবন্ধুর খুনি লুকিয়ে রয়েছে, আমরা (ভারত) তাদের কোন খোঁজ পাচ্ছি না।

“সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে কোথায় আছে, কিভাবে আছে, তা তাদের (ভারত সরকার) জানালে অবশ্যই তাদের (খুনিদের) ধরা হবে।”

নূর হোসেনকে ফেরতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কোনো অসম্মতি নেই, যে কোনো সময় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।”

সাত খুনের প্রধান আসামি কলকাতায় ধরা পড়ার পর এখন পশ্চিমবঙ্গ কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে ভারতের পুলিশ।

বাংলাদেশে বন্দি থাকা আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকার ‘অফিসিয়ালি’ ফেরত চায়নি জানিয়ে আসাদুজ্জামান বলেন, “চাইলে সে বিষয়ে আমরা আলাপ-আলোচনা করব।”

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে সাজা খাটার পর এখন কারাগারে বন্দি রয়েছেন অনুপ চেটিয়া।

বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে সীমান্ত চুক্তি কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রস্তাব ভারতের পার্লামেন্টের আগামী অধিবেশনেই উঠতে পারে বলে আশা প্রকাশ করেন অনীল গোস্বামী।

দুপুরে সোনারগাঁও হোটেলে বৈঠকের পর দুই দেশের স্বরাষ্ট্র সচিব সচিবালয়ে গিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করেন অনীল গোস্বামী।

সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান। দুই দেশের সীমান্ত জেলাগুলোর প্রশাসকদের নিয়ে বৈঠকের বিষয়েও এতে আলোচনা হয়।

বাংলাদেশের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণের প্রস্তাব দেন ভারতের স্বরাষ্ট্র সচিব। তিনি বলেন, প্রশিক্ষণের ক্ষেত্র বাছাই করে তাদের জানালে তারা উদ্যোগ নেবে।

ভারতের স্বরাষ্ট্র সচিব বৃহস্পতিবার রাজশাহীর সারদার পুলিশ একাডেমি পরিদর্শনে যাবেন বলেও জানানো হয়েছে।