পাবনা টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করেন। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করেন।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনা টেক্সটাইল ইনস্টিটিউটকে ২০০৬ সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করার পর থেকে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। ইনস্টিটিউট থাকার সময় যে শিক্ষকরা ছিলেন, এখনো তারাই রয়েছেন। নতুন কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি।
ওসি জানান, সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় পুলিশ প্রশাসনের অনুরোধে প্রায় ৩ ঘণ্টা পর তারা বিক্ষোভ মিছিল করে রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে নেন।
একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষক না থাকায় তাদের লেখাপড়াসহ বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসলেও কলেজ কতৃপক্ষ কোনো প্রকার সমাধান না করে কালক্ষেপণ করে আসছে। তারই ধারাবাহিকতায় তারা এ আন্দোলন শুরু করেন।
২০০৬ সালে পাবনা টেক্সটাইল ইনিষ্টিটিউটকে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে রুপান্তরিত করা হয়। ডিপ্লোমার জনবল দিয়েই চলছে বিএসসির সকল কার্যক্রম। ক্লাশ নেয়া থেকে শুরু করে প্রশাসনিক সব কাজই চলছে অনিয়মিতভাবে।
