২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীকে জাহাজ দেয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের ব্যবহৃত ৪৬ বছরের পুরনো একটি জাহাজ বাংলাদেশকে দেয়ার প্রস্তাব করেছে দেশটির সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 06:25 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউএসসিজিএস রাশ’ নামের জাহাজটি দেয়ার জন্য গত ৮ অগাস্ট আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়।

যৌথ পর্যবেক্ষণের পর সব ঠিক থাকলে এক বছরের মধ্যেই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১১৫ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ২৫০ টন ওজনের এই ‘কাটার’ ডিজেল ও গ্যাস- দুই জ্বালানিতেই চলে। এতে হেলিকপ্টার ওঠা-নামার ডেক এবং রিট্র্যাক্টেবল হ্যাঙ্গার রয়েছে। 

যুক্তরাষ্ট্র কোস্টগার্ড বহরের পঞ্চম জাহাজ হিসাবে ১৯৬৮ সালের ১৬ নভেম্বর নিউ অরলিয়েন্সে সাগরে নামে ‘রাশ’। সে সময় জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ২ কোটি ডলার।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফরেন মিলিটারি সেলস (এফএমএস)’ কার্যক্রমের আওতায় ‘এক্সেস ডিফেন্স আর্টিকেল (ইডিএ)’ অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের জাহাজটি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে।

একই কার্যক্রমের আওতায় গত বছর যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের জাহাজ ‘জারভিস’ বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পায়, যার নাম এখন ‘বিএনএস সমুদ্রজয়’।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, ‘সমুদ্রজয়ের’ সম্পূরক হিসেবে কাজ করতে পারবে নতুন জাহাজ ‘রাশ’।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অংশ হিসেবে ১৯৭০ এর দশকে ভিয়েতনাম উপকূলেও কাজ করে ‘রাশ’। ওই বছর ২২ নভেম্বর উত্তর ভিয়েতনামে একটি অস্ত্রবাহী ট্রলার আটকের অভিযানেও জাহাজটি অংশ নেয়।