সৌদি দূতাবাস ঘেরাওয়ের হুমকি আহলে সুন্নাতের
মুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান হিসেবে পরিচিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ সরিয়ে নেয়ার প্রস্তাবের বিষয়ে সৌদি আরব সরকারের ব্যাখ্যা দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
সুন্নি মতাদর্শের এই সংগঠনটি ব্যাখ্যা দেয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়ে বলেছে, ওই সময়ের মধ্যে সৌদি কর্তৃপক্ষের কোনো বিবৃতি না পেলে রোববার তারা ঢাকায় সৌদি আরবের দূতাবাস ঘেরাও করবে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, মদিনায় মহানবীর (সা.) সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ সরিয়ে নেয়ার একটি প্রস্তাব ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
গুরুত্বের দিক থেকে মুসলমানদের কেবলা কাবা শরিফের পরই মসজিদে নববীর স্থান। এখানেই রয়েছে মহানবীর (সা.) রওজা বা সমাধি। প্রতিবছর হজের সময় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম স্থানটি জিয়ারত করেন। নিয়ামানুযায়ী সৌদি আরবের বর্তমান বাদশা আবদুল্লাহ এর অভিভাবক।
সৌদি আরবের কট্টরপন্থী ধর্মীয় নেতারা ওহাবি মতাদর্শে দীক্ষিত। সুন্নি মুসলমানদের এই গোষ্ঠী মনে করে, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব কিংবা স্থাপনার প্রতি ভক্তি প্রদর্শন করা হারাম। এটি শিরক বা আল্লাহর সমতুল্য জ্ঞান করা।
অন্যদিকে আর আহলে সুন্নাত ওয়াল জমাত মিলাদ ও মাজার জিয়ারতের পক্ষে।
আহলে সুন্নাত নেতা বখতিয়ার নবীর (সা.) কবর সরিয়ে নেয়ার ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারকে চাপ সৃষ্টির আহ্বান জানান।
সৌদি সরকারের কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার বিবৃতি দাবি করে এই ‘ঘৃণ্য জঙ্গিবাদী চক্রান্তে’র বিরুদ্ধে বিশ্বব্যাপী সুন্নি মুসলমানদের তীব্র আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
দাবি আদায়ে দূতাবাস ঘেরাও করে রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেয়ার ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার দেশের সব সুন্নি দরবার, প্রতিষ্ঠান ও সংগঠনকে মানবব্ন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত।
এছাড়া শুক্রবার জুমার নামাজের খুতবায় ‘সৌদি-ওহাবি’ সরকারের ‘ঘৃণ্য উদ্যোগের’ প্রতিবাদ জানাতেও মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শিয়া-সুন্নি দুই সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র ও স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচিত মহানবী (সা.) রওজা। এটি ভেঙে ফেলার পরিকল্পনায় মুসলিম বিশ্বে নতুন ধরনের সংকট তৈরি হতে পারে বলে ইতোমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে জানতে মঙ্গলবার ঢাকায় সৌদি আরব দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় ‘উগ্র ওহাবি’ চিন্তাধারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। একই ভাবধারা প্রতিষ্ঠায় ‘সশস্ত্র জঙ্গি সংগঠনগুলো’ বিভিন্ন মুসলিম দেশে সক্রিয়।
সৌদি আরবের ‘লেলিয়ে দেয়া জঙ্গিরা’ বিশ্বব্যাপী মাজার ভাঙাকে ‘জিহাদ’ গণ্য করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আহলে সুন্নাতের নেতারা।
সৌদি সরকারের এ ঘৃণ্য আচরণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনারও আহ্বান জানায় আহলে সুন্নাত।
অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা এম এ মতিন, কেন্দ্রীয় নেতা সউম আবদুস সামাদ, কাজী মঈনুদ্দিন আশরাফী, মুফতি ওবায়দুল হক নঈমী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
