২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীকে মারধর: রাবি ছাত্রলীগনেতাদের নামে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীসহ তিনজনকে মারধরের ঘটনায় ছাত্রলীগনেতা তৌহিদ আল হোসেন তুহিনসহ তিন শিক্ষার্থীর নামে মামলা করেছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2014, 06:23 PM

Updated : 16 Sep 2026, 04:32 PM

মতিহার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শনিবার বিকালে তুহিনসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক এনতাজুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ আনা হয়েছে।”

ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তুহিন ছাড়া মামলার এজাহারভুক্ত দুই আসামি হলেন- মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি ও মামুন-অর-রশিদ। তিনজনই স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।

ওসি আলমগীর বলেন, “ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে।  তা দেখে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত করে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।”

এর আগে দুপুরে রাবি শাখা ছাত্রলীগের সদ্য অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক তুহিনসহ তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং দুজন কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন নির্বাহী ক্ষমতাবলে ওই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

“এরপর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি, একাডেমিক কমিটি ও সিন্ডিকেটের মাধ্যমে তাদের চূড়ান্ত বহিষ্কার করা হবে।”

তুহিন ছাড়া বাকি দুজনের মধ্যে তন্ময় আনন্দ অভি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আর মামুন-অর-রশিদ কর্মী ।

বৃহস্পতিবার মারধরের ঘটনা ঘটে। ওইদিন সিরাজুম মুনীরকে তার দপ্তরে না পেয়ে প্রথমে পিয়ন সুমন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের গার্ড আবুল কাশেমকে মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে প্রশাসনিক ভবনে তুহিনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগকর্মীর সঙ্গে বাকবিতণ্ডার পর মারধরের শিকার হন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর। ওই দপ্তরের পিয়ন সুমন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের প্রহরী আবুল কাশেমকেও মারধর করা হয়।

ঘটনার পরদিন শুক্রবার সরকারদলীয় এই ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটি তুহিনকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে খালেদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিযুক্ত করে।

ছাত্রলীগ নেতা তুহিনের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিছুদিন আগে অস্ত্র হাতে তার গুলি ছোড়ার দৃশ্য সংবাদপত্রে প্রকাশিত হলে তা নিয়ে ছাত্রলীগ বেশ সমালোচনায় পড়ে।

এর আগে ২০১২ সালে জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন সাংগঠনিক সম্পাদক তুহিনকে বহিষ্কার ছাত্রলীগ।

একই বছর জুন মাসে পদ্মা সেতু নির্মাণে চাঁদার অর্থ ভাগাভাগি নিয়ে সংঘর্ষেও তার জড়িত থাকার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রশাসন ভবন ঘেরাও, বিক্ষোভ-সমাবেশ

এদিকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতিও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সকালে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান শেখ, অফির্সাস সমিতির সাধারণ সম্পাদক ডা. শামীম হোসেন চৌধুরী, সাধারণ কর্মচারী ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ডা. গোলাম মোস্তফা ও সহায়ক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন মিঠু প্রমুখ।

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) ও জাতীয়তাদাবী শিক্ষক ফোরাম।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরে একজন অফিস প্রধানের লাঞ্ছিত হওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অবমাননাকর।

এঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।