সিলেটে বাঁধভাঙা ফুটবলপ্রেম
নেপাল আর বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হলো সিলেট জেলা স্টেডিয়ামের। শুক্রবার এ ম্যাচটি দেখতে তাই স্টেডিয়ামে নামে দর্শকের ঢল।
এই ম্যাচে অতিথিদের একমাত্র গোলে স্বাগতিকরা হেরে গেলেও দর্শকদের উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। বিকাল ৫টায় ম্যাচ শুরুর কথা থাকলেও ফুটবলপাগল মানুষ স্টেডিয়ামে আসতে শুরু করে দুপুর থেকেই।
খেলা শুরুর পাঁচ মিনিট আগে দর্শকদের চাপে ভেঙে যায় স্টেডিয়ামের উত্তর ও পশ্চিম গেইট। নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার দর্শক।
গ্যালারি তো বটেই, কোচদের দাঁড়ানোর জায়গা ডাগ আউটও দর্শকে ভরে যায়। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করেই কঠিন হয়ে পড়ে।
এক পর্যায়ে নিরাপত্তাহীনতার ভয়ে নেপাল দলও খেলতে আপত্তি জানায়। তবে শেষপর্যন্ত তাদের রাজি করিয়ে দর্শকদের মাঠে রেখেই নির্ধারিত সময়ের এক ঘন্টা পর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শুরু হয় খেলা।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম বলেন,‘‘আমাদের আয়োজনে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। কিন্তু স্বল্প সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী দিয়ে এই জনস্রোত সামলানো যায়নি।”
মাঠ ভর্তি দর্শক থাকলেও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায় শেষ পর্যন্ত স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন সবাই।
গত ২৬ অগাস্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের প্রথম প্রস্তুতি ম্যাচের পর জয়ের আনন্দে মাঠে ঢুকে পড়েছিলেন দর্শকরা।
