সংবিধান নির্দেশিত ৪৯টি আইন দ্রুত প্রণয়নের সুপারিশ
সংবিধান নির্দেশিত ৪৯টি আইন দ্রুত প্রণয়নের জন্য আইন কমিশনকে ব্যবস্থা নিতে বলেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, “সংবিধান সংশ্লিষ্ট এসব আইন ৪৩ বছরেও করা হয়নি। এসব আইন প্রণয়ন করা না হলে সংবিধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় না। শূন্যতা সৃষ্টি করে।”
“সংবিধানের সার্বিক কার্যকারিতা আদায়ের জন্য আইনগুলো করা প্রয়োজন।”
জাতীয় সংগীত, পতাকা, নাগরিকত্ব, সংসদীয় কমিটির ক্ষমতাসহ বেশ কিছু আইনের উদাহরণ দেন সুরঞ্জিত। এছাড়া সম্পত্তি হস্তান্তর, পারিবারিক নির্যাতন আইন সম্পর্কেও কিছু বিধান করতে হবে বলে জানান তিনি।
বিগত নবম সংসদে সংসদীয় কমিটির সভাপতি থাকার সময়েও সুরঞ্জিত এসব আইন প্র্রণয়নের সুপারিশ নিয়েছিলেন।
বিষয়টি স্মরণ করিয়ে দিলে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “তখনও বলেছিলাম। আইন কমিশন করেনি। এখন করতে রাজি হয়েছে।”
যেসব আইন দ্রুত প্রণয়ন জরুরি সেগুলো আইন কমিশন বাছাই করবে বলেও জানান তিনি।
সংসদীয় কমিটির কার্যপত্রে এসব আইনের একটি তালিকা তুলে ধরা হয়। ওই তালিকায় রাজধানীর সীমানা, বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনের কথা বলা হয়েছে।
সুরঞ্জিত বলেন, “অনেকগুলো বিষয় আছে যেগুলো বিভিন্ন বিধি দ্বারা চলছে। এসব বিষয় নিয়ে আইন করতে হবে।”
‘লেজিসলেটিভ প্রস্তাব’ হিসেবে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত আলোচনা কমিটিতে উঠছে বলেও জানান তিনি।
এ সম্পর্কে সুরঞ্জিত বলেন, “কমিটির কাছে বিলটি আসলে কমিটি অবশ্যই এর সঙ্গে জড়িত সকলের মতামত নেবে। সিনিয়র জুরিস্ট, বারের সভাপতি-সেক্রেটারির মতও নেয়া হবে।”
“মত নেয়া হলেই যে সেটা গ্রহণ করতে হবে, এমন নয়। তবে সংসদীয় কমিটি যেহেতু মিনি পার্লামেন্ট, সেকারণে এখানে রেকর্ড থাকা দরকার।”
‘সংবিধানের ১৫তম সংশোধনীতে ৯৬ অনুচ্ছেদ সংশোধনীর প্রয়োজন ছিল’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “তখন না হওয়াটা ভুল হয়েছে।”
বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত এবং অভিশংসন সংক্রান্ত আইন প্রণয়ন না করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “রামের জন্মের আগে রামায়ণ তো হয় না। আগে ৯৬ ফিরে আসুক। তারপর দ্রুত আইন হবে।”
সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, “বিএনপিই সামরিক শাসনের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিল। তারা সেটার পক্ষে কথা বলবে সেটাই তো স্বাভাবিক।
“তাদের প্রাক্তন আইনমন্ত্রী মওদুদ সাহেব একবার বিবৃতি দিয়েছিলো, যদি ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আসে তবে তারা সমর্থন করবে। তাহলে কোনটা সঠিক, এখনকারটা না আগেরটা?”
‘প্রশ্নবিদ্ধ’ সংসদে সংবিধান সংশোধনের উদ্যোগের সমালোচনার জবাবে সুরঞ্জিত বলেন, “জনগণ যখন ভোট দিয়ে সংসদ গঠন করে তখন এর কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
“জনগণ যদি পাগলকেও ভোট দিয়ে সংসদে পাঠায় তবুও তিনি জনপ্রতিনিধি। বিএনপি নির্বাচন বয়কট করেছে বলে সংসদ অশুদ্ধ, সেটা তো হয় না।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২১ অগাস্টের বোমা হামলার বিচার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. শামসুল হক টুকু, মো. জিয়াউল হক মৃধা এবং সফুরা বেগম অংশ নেন।
