২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু সাংবাদিক উৎসব জেলায় জেলায়

শিশুদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’র শিশু সাংবাদিক উৎসব চলছে জেলায় জেলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2014, 09:35 PM

Updated : 13 Oct 2022, 12:30 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহায়তায় গত শুক্রবার (২২ অগাস্ট) শুরু হওয়া ২৩ জেলার এ পর্যায়ের উৎসব শেষ হবে আগামী ১০ সেপ্টেম্বর।

প্রতি জেলায় তিন দিন করে এ উৎসব চলছে বিভিন্ন সময়সূচিতে। এরইমধ্যে উৎসব শেষ হয়েছে কক্সবাজার, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও সিলেটে।

বুধবার অনুষ্ঠান শুরু হয়েছে চার জেলা বান্দরবান,  নোয়াখালী, রাজশাহী ও  গোপালগঞ্জে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত সংবাদ-

নোয়াখালী

বুধবার দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। শুক্রবার (২৯ অগাস্ট) বিকাল ৪টায় নোয়াখালী পৌর হলে অনুষ্ঠিত হবে শিশুসাংবাদিক উৎসব।

সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অন্য অতিথিরা ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুনির ফেরদৌস লেখাপড়ার পাশাপাশি প্রতিভা বিকাশের জন্য শিশুদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট হ্যালোর প্রশংসা করেন। তিনি শিশুদের সঙ্গে সংবাদের কিছু বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেন।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। তিনি প্রতিযোগিতায় বাছাইকৃত শিশু সাংবাদিকদের শুভ কামনা করেন।

আয়োজক সংগঠন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু জানান, আগামী শুক্রবার বিকাল ৪টায় নোয়াখালী পৌর হলে শিশুসাংবাদিক উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ২৫০ জন শিশু সাংবাদিককে দেয়া হবে শিশু সাংবাদিক স্মারক।

এর আগে শিশু সাংবাদিক বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে গত শুক্রবার (২২ অগাস্ট) নোয়খালী জিলা স্কুলে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শনিবার নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার জন্য ৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। সেখান থেকে ২১ জনের নাম চূড়ান্ত করা হয়।

আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করসপনডেন্ট সালাউদ্দিন ওয়াহেদ প্রিতম।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, শিশু সাংবাদিক সানজিদা তাসনিম বিথীসহ আরো অনেকে। প্রশিক্ষণে ২১ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করে।

বান্দরবান

বুধবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ও প্রেসক্লাব সভাপতি মো. ওসমান গণি।

শিশুদের প্রথম দিনে সাংবাদিকতার বিষয়ে প্রাথমিক ধারণা দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মুস্তাফিজ মামুন ও স্থানীয় সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্কুল ও কলেজের ৩১ জন শিশু সাংবাদিক অংশ নেয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের স্মারক কার্ড দেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালা শেষ হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি চবাথুই মারমা। বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক এতে উপস্থিত ছিলেন। 

রাজশাহী

সকাল ৯টায় রাজশাহীর মালোপাড়ায় ম্যাস লাইন মিডিয়া সেন্টারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।

গত শুক্রবার (২২ অগাস্ট) রাজশাহীর নগরীর চৌদ্দটি স্কুলের ১১৭ জন প্রতিযোগী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

এদের থেকে কৃতকার‌্য ২১ জন শিশু সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ দেন হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাহার মাওলা, রাজশাহী জেলা প্রতিনিধি বদরুল হাসান লিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম নাদিম মাহমুদ।

প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা তাদের আনন্দের কথা প্রকাশ করে।  

ফেনী

হ্যালোর ফেনী জেলার সাংবাদিকদের উৎসব শেষ হয়েছে মঙ্গলবার।

রাতে ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।

ফেনী প্রেস ক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম মুন্নার সভাপতিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীমের সঞ্চালনায় শুভার্থী সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল হক, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল করিম মজুমদার।

উৎসবে হ্যালোর কার্যক্রম সম্পর্কে জানিয়ে বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করসপনডেন্ট সালাহউদ্দিন ওয়াহিদ প্রিতম।

অনুষ্ঠান শেষে শতাধিক শিশুকে সাংবাদিক স্মারক কার্ড দেয়া হয়।

এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।

২২ অগাস্ট শিশু সাংবাদিকদের বাছাই পরীক্ষায় নানা স্কুল ও কলেজের ১১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এরপর দুই দিনের কর্মশালার প্রথমদিনে ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

মাদারীপুর

স্মারক বিতরণ, গান, কৌতুক ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বুধবার মাদারীপুরে শিশু সাংবাদিক উৎসব শেষ হয়েছে।

গত ২২ অগাস্ট লিখিত পরীক্ষার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়েছিল।

মঙ্গলবার বিকাল ৫টায় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোরের মাদারীপুর প্রতিবেদক রিপনচন্দ্র মল্লিকের সভাপতিত্ব এবং চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক সাগর হোসেন তামিমের উপস্থাপনায় শিশু সাংবাদিকদের নিয়ে এ উৎসব শুরু হয়। 

উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দসহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সমাপনী অনুষ্ঠানে ১১২ জন শিশু সাংবাদিককে স্মারক প্রদান করা হয় এবং পরে স্থানীয় শিল্পীরা গান, কৌতুক ও কবিতা আবৃত্তি করেন।

সিলেট

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর নজরুল একাডেমি মিলনায়তনে হ্যালোর বাছাই পরীক্ষায় অংশ নেয়া ৯০ জন শিশু সাংবাদিককে স্মারক দেয়া হয়।

এদের মধ্যে ২০ জনকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় এরইমধ্যে সাংবাদিকতা ও শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শিশু সাংবাদিক উৎসবের সূচনা পর্বে আলোচনা সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ উল্লাহ তালুকদার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিরাজুল ইসলাম উকিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক আজিজ হাসান ও সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমেদ বক্তব্য দেন।

এরপর অতিথিরা শিশু সাংবাদিকদের হাতে স্মারক তুলে দেন।

পরে হ্যালোর শিশু সাংবাদিক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শিশু সাংবাদিকদের মধ্যে সাদিয়া জাহান শিফা ও মলিহা বিনতে হাবিব গান এবং তানজিয়া হোসেন চৌধুরী কবিতা আবৃত্তি করেন।