নৌপথে পর্যটক পরিবহনে ভারতের সঙ্গে চুক্তি হবে: মুহিত
ভারতের সঙ্গে নৌপথে পর্যটক পরিবহনে চুক্তি করবে বাংলাদেশ সরকার।
বুধবার সচিবালয়ে পর্যটন বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পর্যটন বিষয়ক মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলেই চুক্তি সই করা হবে।
ভারতের সঙ্গে ১৯৬৫ সালের নৌ চুক্তির ফলে এখন কেবল মালবাহী নৌযান আসে জানিয়ে মুহিত বলেন, জরুরিভিত্তিতে যাত্রী পরিবহনের জন্য নতুন চুক্তি করতে হবে।
“সিঙ্গাপুর থেকে একটি আন্তর্জাতিক নৌরূট বিভিন্ন জায়গায় গিয়েছে। আমরা চেষ্টা করব ওই রূটে ঢুকে যাওয়ার।”
পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশি নিরাপত্তা বাড়ানোরও ব্যবস্থা হবে বলে জানান মন্ত্রী।
“পর্যটনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিশেষ এলাকা। তাই ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। পাশাপাশি কক্সবাজারের শহর রক্ষা প্রকল্পেও জোর দেয়া দরকার।”
দেশে পর্যটনের বিকাশের লক্ষ্যে ২০১৮-১৯ সালে সোনারগাঁওয়ে বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে বলেও জানান মুহিত।
“আন্তর্জাতিক যেসব প্যাকেজ ট্যুর বাংলাদেশে আসে তাদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। আমাদের বিশেষ প্রোগ্রাম হওয়া উচিৎ নদীমাত্রিক।”
অর্থমন্ত্রী বলেন, পর্যটনের স্বার্থে কক্সবাজার থেকে রেল লাইনসহ কয়েকটি সংযোগ প্রয়োজন। এছাড়া কুয়াকাটা পর্যন্ত নৌ ও সড়ক সংযোগের উন্নয়ন করতে হবে। বাড়াতে হবে প্রচার।
বাংলাদেশের পর্যটন খাতে পরিবর্তন এসেছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, “কক্সবাজারে ১৯৬২ সালে গিয়েছিলাম। লাস্ট গিয়েছি ২০১০ সালে। সেখানে গেলে মনে হয় দিস ইজ আলাদা দেশ।”
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌমন্ত্রী শাজাহান খান, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পর্যটন করপোরেশনের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
