২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: গ্রেপ্তার আরো ৫ র‌্যাব সদস্য রিমান্ডে

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় আরো পাঁচ র‌্যাব সদস্যকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2014, 02:04 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

এই পাঁচজন বুধবার আদালতে দেয়া বক্তব্যে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে হত্যার জন্য বাহিনীর কারাবন্দি তিন কর্মকর্তাকে দায়ী করেছেন।

এই হত্যাকাণ্ডে নতুন গ্রেপ্তার এই র‌্যাব সদস্যদের চারজন সেনাবাহিনী থেকে আসা, তারা হলেন-র‌্যাব-১১ এর হাবিলদার এমদাদুল হক, ল্যান্সনায়েক মো. হিরা মিয়া ও মো. জালাল এবং সিপাহী আবু তৈয়ব।

অন্যজন হলেন নৌবাহিনী থেকে আসা র‌্যাব-১১ এর রেডিও অপারেটর জেনারেল আরিফ হোসেন।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার অংশ হিসেবে তারাই এই পাঁচজনকে পুলিশের কাছে পাঠায়।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা এই হত্যামামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন।

তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাদের সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয়, পরে আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় তাদের।

নতুন করে গ্রেপ্তার র‌্যাব-১১ এর পাঁচ সদস্যকে বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল।

শুনানি শেষে বিচারক প্রত্যেককে আট দিন রিমান্ডের নির্দেশ দেন বলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “আদালতে আসামিরা বলেছেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানা তাদেরকে জোর করে ওই ৭ জনকে অপহরণ ও হত্যার পর লাশ  গুম করতে বাধ্য করেছিল।”

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তার সহযোগী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়।

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের হাত-পা বাঁধা লাশ ভেসে ওঠে। এরপর নজরুলের পরিবার অভিযোগ করে, কাউন্সিলর নুর হোসেন টাকা দিয়ে র‌্যাবের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, “গ্রেপ্তাররা আদালতে সেসব (অপহরণ ও হত্যা) ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।”

এই হত্যাকাণ্ডের সঙ্গে আরো যারা জড়িত তাদের পরিচয় বেরিয়ে আসবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছেন সাখাওয়াত।  

ওই ঘটনায় কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় যে মামলা করেন তাতে নূর হোসেনকে প্রধান আসামি করা হয়।

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়ে পশ্চিমবঙ্গের কারাগারে রয়েছেন। তাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।  

র‌্যাবের তিন কর্মকর্তাসহ ১৫ জন এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। র‌্যাব-১১ এর ছয় সদস্য অপহরণ ও খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

হত্যাকাণ্ড তদন্তে আদালতের আদেশে প্রশাসনিক একটি কমিটি কাজ করছে।

পুরনো খবর:

৭ খুনের ‘দোষ স্বীকার’ র‌্যাবের আরিফের
সিদ্ধিরগঞ্জে গণশুনানিতে মিলল অপহরণের প্রত্যক্ষদর্শী
র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থায় সশস্ত্র বাহিনীর সায়