সিরাজগঞ্জে ২৯ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় ২৯ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে রয়েছেন উল্লাপাড়ায় ২০ জন ও শাহজাদপুরে ৯ জন। তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই উপজেলায় ২৯ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসাপত্র দেয়া হচ্ছে। আতংকের কিছু নেই।
বুধবার সকালে আইসিডিডিআর,বি এর একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকা পরিদর্শন করবে বলে জানান তিনি।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকুমার সুর রায় জানান, গত ১৬ অগাস্ট চরনন্দীগাঁতী গ্রামের আব্দুর রহমানের একটি গরু অসুস্থ হলে স্থানীয় কয়েকজন কম দামে গরুটি কিনে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। ওই গরুর মাংস খেয়ে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়।
“একটি চিকিৎসক দল নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছি। এলাকায় গিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে,” বলেন তিনি।
জেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার (২৩ অগাস্ট) কৈজুরী ইউনিয়নের পাথরাইল গ্রামের নুরু ব্যপারীর অসুস্থ ছাগল জবাইয়ের পর মাংস কাটাকাটি করে ও খেয়ে নয় জন অসুস্থ হয়।
এরা হলেন কৈজুরী গ্রামের রুহুল আমিন (১৮), মজিবর রহমান (৪৮), শাহ আলম (২৬), মোছা. আইমালা খাতুন (৫৫), পাখি (১০), শাকিল (১৫), খাবিদ (১৭), শামছুল হক (৩৬) ও মানিক (৩০)।
