নৌ-আদালতের বিচার কার্যক্রম স্থগিত
ন্যায় নির্ধারক উপদেষ্টারা উপস্থিত না থাকায় সব বিচারিক কার্যক্রম স্থগিত করেছে নৌ-আদালত।
মঙ্গলবার নৌ-আদালতের বিশেষ হাকিম মোহাম্মাদ কামাল হোসেন শিকদার এই আদেশ দেন।
মামলার আদেশে বলা হয়, আইন মোতাবেক ন্যায় নির্ধারক উপদেষ্টা উপস্থিত না থাকায় বিচারিক কার্যক্রম আপাতত স্থগিত রাখা হলো।
এদিকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ অনুযায়ী ন্যায় নির্ধারক উপদেষ্টা নিয়োগ না দেওয়ায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শাতে বলেছে আদালত।
আগামী ৩১ অগাস্টের মধ্যে লিখিত জবাব দাখিল করতেও বলা হয়েছে মহাপরিচালককে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
একই দিন দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ‘নৌ-আদালতের রায় আইনবহির্ভূত’ শীর্ষক একটি প্রতিবেদন আমলে নিয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে বিবিধ মামলা করেন।
মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এক আদেশে বলেন, “মঙ্গলবার দৈনিক যুগান্তর পত্রিকায় ‘নৌ আদালতের রায় আইনবহির্ভূত’ শিরোনামে সংবাদটি আদালতের দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত সংবাদ পঠনে দেখা যায় যে, নৌ আদালতের বিচারক মো. কামাল হোসেন শিকদার নৌ আদালতের বিচারিক কার্যক্রমে ন্যায়নির্ধারক উপদেষ্টা উপস্থিতি নিশ্চিত করার জন্য পত্র পাঠালেও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কোনো ন্যায় নির্ধারক উপদেষ্টা নিয়োগ করেননি। এমনকি কোনো প্রকারের পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে নৌ আদালতের বিচারিক কাজ আইনানুগভাবে সম্পাদন করা দুরুহ হয়ে পড়েছে।”
আদেশে নৌ আদালতের বিচারিক কার্যক্রমে ন্যায় নির্ধারক উপদেষ্টা নিয়োগের বা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য চিঠি পাঠানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় সমুদ্র পরিবহন লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
