২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে ‘যৌন হয়রানি’, শিক্ষক হাজতে

ফরিদপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 09:18 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার এ আদেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ছরোয়ার হোসেন।

অভিযুক্ত সায়েবুল ইসলাম সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, শিক্ষক সায়েবুল ইসলামের কাছে নিয়মিত প্রাইভেট পড়ত ওই স্কুলছাত্রী। গত রোববার সকালেও প্রতিদিনের মতো স্কুলে প্রাইভেট পড়তে যায় সে। পড়া শেষে ওই শিক্ষক শ্রেণিকক্ষের ভেতর তার সঙ্গে অশালীন আচরণ করেছেন।

এ ঘটনার পর ওই ছাত্রীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর পুলিশ সোমবার দুপুরে নটখোলা স্কুল থেকে সায়েবুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষককে ফরিদপুর আদালতে পাঠায়। ফরিদপুরের ৩নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম ছরোয়ার হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।