বরাদ্দ প্লটের তালিকা না দেয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা, পূর্বাচল এবং ঝিলমিল প্রকল্পের প্লটগুলোর বরাদ্দ তালিকা চাওয়ার পরও না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সংসদীয় কমিটি।
কমিটির আগামী বৈঠকে পূর্ণাঙ্গ তালিকা দেয়ার জন্য রাজউককে বলা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ওই সব প্রকল্পের বরাদ্দ নিয়ে আলোচনা হয়।
এর আগে গত ২০ জুলাই কমিটির বৈঠকে প্লট/ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে যুগোপযোগী করার লক্ষ্যে কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলালকে আহ্বায়ক করে আরেকটি উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন- সাধন চন্দ্র মজুদার, একেএম ফজলুল হক ও নূরজাহান বেগম।
মঙ্গলবার বৈঠকের পর কমিটির সদস্য আবু জাহির সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হলেও রাজউক তা দেয়নি। তার শুধু ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বরাদ্দের তালিকা দিয়েছে।
“এজন্য কমিটির আগামী বৈঠকে তালিকা দিতে বলা হয়েছে। একটি প্লট বরাদ্দ নিয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কমিটি তালিকা চেয়েছে।”
তিনি আরো বলেন, “কোন প্লট কার নামে বরাদ্দ দেয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছিল। কিন্তু রাজউক শুধু কোন কোটায় কতটি বরাদ্দ দেয়া হয়েছে, তা জানিয়েছে।”
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে দেখা গেছে, উত্তরা ৩য় পর্ব প্রকল্পে ২০০৮-১৪ সময়ে মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সংসদ সদস্য কোটায় ৮৩টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। বিচারপতি কোটায় ১০টি, মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি, শিল্পী কোটায় ১৬টি, সাংবাদিক কোটায় ১০টি, ব্যবসায়ী ও শিল্পপতি কোটায় ৪৫টি, বেসরকারি চাকরীজীবী কোটায় ৫৭টি, আইনজীবী কোটায় ১০টি, বৈদেশিক মুদ্রা অর্জকারী কোটায় ৫৭টি, সরকারি চাকরিজীবী কোটায় ১৬২টি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবী কোটায় ৬৯টি, সশস্ত্রবাহিনীর কোটায় ১২টি, অবসরপ্রাপ্ত কর্মচারী কোটায় ৪টি, অন্যান্য কোটায় ২৬টি, রাজউকের জন্য ১৭টি, সংরক্ষিত ৫৭টি প্লট বরাদ্দ হয়েছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সশস্ত্র বাহিনী ১১৪টি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবী ৬৯২টি, ব্যবসায়ী কোটায় ৪৭২টি, বেসরকারি চাকরীজীবী কোটায় ৫৯১টি, প্রবাসী কোটায় ৫৯১টি, মুক্তিযোদ্ধা কোটায় ২৯৬টি, সরকারি চাকরিজীবি কোটায় ১ হাজার ৬৩২টি, সচিব কোটায় ২৪টি, আইনজীবী কোটায় ১১০টি, বিচারপতি ২৫টি, এমপি ৫০টি, এমপি (সংরক্ষিত কোটায়) ৮৩টি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৫৭টি, অন্যান্য ২০৭টি, শিল্পী ১৫১টি, সাংবাদিক (লটারি)৫৫টি, সাংবাদিক (বিশেষ) ৬৫টি, রাজউক ১২১টি, সংরক্ষিত কোটায় ৫১৭টি, আদিবাসী (নারায়ণগঞ্জ) ১ হাজার ৩৪টি, আদিবাসী (লিংক রোড) ২৮টি, ক্ষতিগ্রস্ত (নারায়ণগঞ্জ) ৭২৯টি, ক্ষতিগ্রস্ত (গাজীপুর) ৮০৮টি বরাদ্দ দেয়া হয়েছে।
এসব প্লট কাদের বরাদ্দ দেয়া হয়েছে সেগুলোও জানতে চেয়েছে। এছাড়া ঝিলমিল প্রকল্পসহ উত্তরা ২য় ও ৩য় প্রকল্পে কারা প্লট পেয়েছে, তাও কমিটিকে জানাতে বলা হয়েছে।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি হাতিরঝিল প্রকল্পের নির্ধারিত সময় ২০১৫ সালের জুনের মধ্যে শেষ করার সুপারিশ করেছে। হাতিরঝিলের পানি দূষণ রোধে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সুপারিশও করা হয়েছে।
এছাড়া বৈঠকে, রাজউকের অনুমোদিত যেসব বহুতল ভবনে নকশা অনুযায়ী গাড়ি পার্কিংসহ অন্যান্য সুবিধা নেই সেসব ভবন পরিদর্শন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নুর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশ নেন।
