২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ডি-৮ মহাসচিবের সাক্ষাৎ

উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদ মোসাভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে যান ডি-৮ এর সফররত মহাসিচব।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী ডি-৮ দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক ও যোগাযোগ খাতের উন্নয়ন ডি-৮এর মূল লক্ষ্য হওয়া উচিত, যা ওআইসিভুক্ত দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখবে।”

অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের সম্পদ ব্যবহার করা হলে, তা ডি-৮ দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

একই সঙ্গে বাস্তবভিত্তিক প্রকল্প নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

সৈয়দ আলী মোহাম্মদ মোসাভি ডি-৮ এর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। তিনি সংস্থাটির প্রতিষ্ঠাতা হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডি-৮ মহাসচিব প্রধানমন্ত্রীকে জানান, সংস্থাটি এখন কৃষি, যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি খাতে দৃশ্যমান উন্নয়নে প্রকল্প প্রণয়নে কাজ করেছে।

আগামী ডিসেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় ডি-৮এর পরবর্তী সম্মেলনে যোগ দিতে তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।