২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরে তুরাগ ভরাট করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান সারাদিন চলবে বলে সংশ্লিষ্টরা জানান।

হাই কোর্টের নির্দেশে টঙ্গীর কামারপাড়া তুরাগ তীর থেকে আমিনবাজার পর্যন্ত দিনব্যাপী এ উচ্ছেদ কার্যক্রম গাজীপুর, ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ অংশ নেয়।

এ সময় ভেকু ও অন্যান্য সরঞ্জাম দিয়ে নদীর তীরে নির্মিত কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরারজী দেশাই, রেহানুল হক, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিআইডব্লিউটিএ এর পরিচালক সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মোরারজী দেশাই বলেন, তুরাগ তীরে অবৈধ স্থাপনা, ভরাট ও বর্জ্য অপসারণে এ উচ্ছেদ অভিযান চলবে। গণমাধ্যমে তুরাগ নদ ভরাট ও দূষণ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর গত ১২ জুলাই হাই কোর্টের একটি বেঞ্চ তুরাগ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। যার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের আওতায় দিনব্যাপী টঙ্গীর কামারপাড়া থেকে আমিন বাজার পর্যন্ত অভিযান চলবে। এতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মালামাল জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।