রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার
রাজধানীর দুটি পৃথক এলাকা থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে প্রলিশ।
শাহবাগ থানার এসআই মুজিবুর রহমান জানান, মঙ্গলাবার সকালে পল্টনের উত্তরবঙ্গ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক নারীর লাশ পাওয়া যায়।
এসআই মুজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলের ছয়তলার ৬০৫ নম্বর কক্ষ ভাড়া নেয়। হোটেলের রেজিস্ট্রার খাতায় ওই নারীর নাম তাহমিনা আক্তার সাথী (৩০) ও স্বামীর নাম ওসমান গনি লেখা রয়েছে।
“সকালে ওসমান এক হোটেল বয়কে নাস্তা আনতে পাঠিয়ে হোটেল থেকে বের হয়ে যায়। হোটেল বয় সেই কক্ষে ফিরে এসে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়।
নিহতের শরীরে কোনো জখমের চিহ্ন না থাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে সকালে ফার্মগেইটের আনন্দ সিনেমা হলের বিপরীত এক গলির ময়লার স্তুপের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শেরে বাংলানগর থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে উদ্ধার হওয়া অজ্ঞাত (১৮) নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
