সিরাজগঞ্জকে যমুনার ভাঙ্গন থেকে রক্ষা করা হবে-পানি সম্পদমন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ মঙ্গলবার সিরাজগঞ্জ ও বগুড়ায় যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ শহরের মোল্লাবাড়িতে ক্ষতিগ্রস্ত ক্রসবার এবং বগুড়ার সারিয়াকান্দিতে কয়েকটি ভাঙন এলাকা ঘুরে দেখেন তিনি।
সিরাজগঞ্জ
মোল্লাবাড়ি এলাকায় পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় নদীর গতিপথ পরিবর্তনের জন্য ইতোমধ্যে ৪৫০ কোটি টাকা ব্যয়ে পাইলট ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া ২৫০ কোটি টাকা ব্যয়ে নদীর পশ্চিম তীরে অবস্থিত চারটি ক্রসবার বাঁধে সংস্কার কাজ চলছে।
পাশাপাশি প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সোয়া ৬ কিলোমিটার নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ এবং সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতু থেকে কুড়িগ্রাম পর্যন্ত নদীতীর ঘেঁষে চার লেন মহাসড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
আনিসুল আসলাম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ শহর যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার পাশাপাশি নদীর পশ্চিম তীরে বিশাল এলাকা জেগে উঠবে, যেখানে প্রস্তাবিত ইকনমিক জোন, প্রস্তাবিত শিল্পপার্কসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহম্মেদ, পাউবো মহাপরিচালক শহিদুর রহমানসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি জানান, মন্ত্রী কামালপুর, রৌহাদহ ও চন্দনবাইশার ভাঙন এলাকা ঘুরে ঘুরে দেখেন।
এরপর রৌহাদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর এক সুধী সমাবেশে তিনি বলেন, এ এলাকার নদী শাসনে ৩০৩ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই ওই প্রকল্পের কাজ শুরু করা হবে।
ওই প্রকল্প বাস্তবায়িত হলে অভিশাপ নয়, যমুনা উত্তরের মানুষের কাছে সম্পদ মনে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম ও বগুড়া- ১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুর রউফ, তত্তাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিন, বগুড়ার নির্বাহি প্রকৌশলী নুজরুল ইসলাম সরকার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগী শাহী সুমন প্রমুখ।
