যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার দড়িনারিচা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ফারহানা আক্তার ইভা (২২) উপজেলার বড়ইচড়া গ্রামের আকতার হোসেনের মেয়ে।
আটক শাওন হোসেন (২৮) পৌর এলাকার দড়িনারিচা মহল্লার বাবুল হোসেনের ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস।
ইভার বাবা আকতার হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে ইভাকে নির্যাতন করা হতো। সর্বশেষ দুই লাখ টাকা যৌতুকের জন্যে কয়েকবার তাকে মারপিট করা হয়। এর জেরে সোমবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হচ্ছে।
ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইভার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই ইভার স্বামী শাওনকে আটক করা হয়েছে।
ইভার স্বামী শাওন বলেন, “সোমবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ইভা। পরে আমি বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আমি ইভার বাবা-মাকে বিষয়টি জানাই।”
এ ব্যাপারে ওসি বলেন, “ইভা আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় ইভার বাবা আকতার হোসেন বাদী হয়ে শাওনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
