১৫৪ জামায়াত নেতা-কর্মীর বিচার শুরু
রাজধানীর মতিঝিলে গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের একটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক তিন সভাপতিসহ জামায়াতে ইসলামীর ১৫৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ অক্টোবর দিন ঠিক করে দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতবিচার আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ ৫ ও সর্বনিম্ন ২ বছরের কারাদণ্ড হতে পারে।
দ্রুতবিচার আইনে বিচার শুরুর ৬০ কার্যদিবসের মধ্যে তা শেষ করার বিধান রয়েছে।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার কারাদণ্ডের রায়ের পর গত বছর ১২ ফেব্রুয়ারি মতিঝিলে গাড়ি ভাংচুর ও হাতবোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে ১৫৪ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ।
এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফজলে রাব্বি খোকা বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ গঠনের সময় ৯৯ আসামি আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক।
এই মামলায় আসামিদের মধ্যে শিবিরের সাবেক তিন সভাপতি হলেন শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসেন ও ফখরুদ্দিন মানিক।
আসামিদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ সানা, মতিঝিল থানার নেতা শফিক মাইনু, সাবেক ওয়ার্ড কমিশনার খন্দকার আবদুর রব।
