২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জবি সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতিসহ ছয় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সমিতির কার্যক্রম স্থগিত করে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 11:26 AM

Updated : 22 Aug 2022, 06:58 PM

বিশ্ববিদ্যালয় উপাচার্য মীজানুর রহমান জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাশাপাশি সংগঠনটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে, এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোন ধরনের পৃষ্ঠপোষকতা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকদের মধ্যে যে মারামারির ঘটনা ঘটেছে, সেটা যেমন দুঃখজনক তেমনি লজ্জাজনক। তবে, কার্যক্রম স্থগিত হলেও সমিতির সদস্যরা তাদের কার্যালয়ে যাতায়াত করতে পারবেন এবং তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে কোন বাধা নেই।”

হামলার শিকার জবিসাস সভাপতি কাজী মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার আহত সাংবাদিকদের অভিযোগ আমলে নিয়ে এই তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

‘ভুয়া’ দুই সাংবাদিককে সমিতির সদস্য করতে না চাওয়ার জেরে গত ২৪ অগাস্ট সাংবাদিকদেরই আরেক দল বহিরাগতদের নিয়ে ওই হামলা করা হয় বলে জানিয়েছেন মোবারক।

হামলায় জড়িত দৈনিক নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজাউল ইসলাম ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি জসিম রেজাকে সমিতি থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

গত রোববারের ওই হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবারক নিজেও আহত হয়েছিলেন।

এছাড়া অন্যরা হলেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান তুফান, সকালের খবর প্রতিনিধি তানভীর রাহয়ান, দৈনিক বর্তমান প্রতিনিধি সুব্রত মন্ডল, অর্থনীতি প্রতিদিন প্রতিনিধি রাজ এবং প্রাইম খবর প্রতিনিধি শাহিন।

ছয় জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদেরমধ্যে মোবারক, তুফান, রাজ ও সুব্রতের মাথায় সেলাই লেগেছে। অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

অবশ্য অভিযোগ অস্বীকার করে কালের কণ্ঠ প্রতিনিধি জসিম দাবি করেছেন, মোবারকরাই তাদের কর্মসূচিতে হামলা চালিয়েছিলেন। এতে প্রথম আলোর প্রতিনিধি মূসা আহমেদসহ কয়েকজন আহত হন।