২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। 

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 11:33 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার দুপুরে উপজেলার কাঠালিয়া গ্রাম থেকে রোকেয়া আক্তার (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার ওসি মোহাম্মদ সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

নিহতের ভাই শুকুর আলী জানান, প্রায় এক বছর আগে কাঠালিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে উজ্জ্বলের সঙ্গে তার বোন রোকেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার বোনকে মারধর করতো উজ্জ্বল। পরে ৪০ হাজার টাকা দেওয়া হয়।

শুকুর আলী বলেন, “সম্প্রতি সৌদি আরবে যাওয়ার জন্য তিন লাখ টাকা দাবি করে আসছিলেন উজ্জ্বল। কিন্তু এতে রাজি না হলে তার বোনকে আবারও মারধর করেন উজ্জ্বল।

“রোববার রাত ১১ টার দিকে রোকেয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এরপর গ্রাম্য চিকিৎসক দিয়ে তাকে স্যালাইন দেওয়া হয়। রাত ২টার দিকে রোকেয়া মারা যায়।”

পলাতক থাকায় এ ব্যাপারে অভিযুক্ত উজ্জ্বল হোসেনের সঙ্গে কথা বলা যায়নি। বাড়িতে গিয়েও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

ওসি সৈয়দুজ্জামান বলেন, “এ ব্যাপারে নিহত গৃহবধূর ভাই শুকুর আলী বাদি হয়ে উজ্জ্বলসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”