ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: চবির হল বন্ধ ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোহরাওয়ার্দী হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সঙ্গে রোববার সন্ধ্যার ওই গুলি বিনিময়ের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে ‘আপাতত’ সোহরাওয়ার্দী হল বন্ধ রাখা হয়েছে।”
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হলটি পুলিশী পাহারায় থাকবে বলেও জানান তিনি।
উপাচার্য বলেন, “হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীরা প্রয়োজনীয় মালামাল নিয়ে যেতে পারবে।”
দুপুরে উপাচার্য ছাড়াও বৈঠকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক সমিতি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করা হলেও প্রতিবেদন দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি কর্তৃপক্ষ।
চবি প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটিকে ‘জরুরি ভিত্তিতে’ রোববারের গোলাগুলির কারণ অনুসন্ধান ও দোষীদের শনাক্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক মাহবুবুর রহমানের নেতৃত্বে কমিটিতে সদস্য হিসেবে ফলিত পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম ও সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর মোরশেদুল আলম রয়েছেন।
রোববার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৩টি পেট্রোল বোমা, একটি বড় দা ও বেশ কিছু পাথর উদ্ধার করে।
এর আগে গত ১২ জানুয়ারি শিবির-ছাত্রলীগের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সিলগালা করে দেয়া হয় শাহ আমানত হল।
আগামী মাসে হলের খুলে দেওয়ার নির্দেশনা দিয়ে আগের বরাদ্দ করা সিট বাতিল করে সম্প্রতি নতুন করে সিট বরাদ্দের নোর্টিশ দেয়া হয়েছে।
