ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জ সদরে ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুইজন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান টিটুল (২৬) টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের আখিমুত ফকিরের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহসড়কে অবরোধ করে রাখে।
ওসি বলেন, টিটুল ও আরো দুইজন মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান টিটুল। আহত হন অপর দুই আরোহী শামীম ও মিলন।
তিনি আরো বলেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। পুলিশ কয়েক দফা অনুরোধ করলেও তারা অবস্থান অব্যাহত রাখে।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়।
