২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী রেল স্টেশনে পরিবহন শ্রমিকদের ভাংচুর

প্লাটফর্মে মাদক সেবন করার প্রতিবাদের জের ধরে রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর ও নিরাপত্তা কর্মীদের মারধর করেছে পরিবহন শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 02:49 PM

Updated : 13 Oct 2022, 12:30 PM

রাজশাহী জিআরপি থানার ওসি সুনিল কুমার ঘোষ জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনায় স্টেশনের তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

এর মধ্যে নিরাপত্তা কর্মী (আরএনবি) কাউসার আলম ও জিআরপি পুলিশ কনস্টেবল রোকনুজ্জামানের নাম জানা গেছে। আহতরা রাজশাহী রেলওয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি বলেন, রোববার রাত ৩টার দিকে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে কয়েকজন পরিবহন শ্রমিক গাঁজা সেবন করছিল। এ সময় নিরাপত্তা কর্মী কাউসার তাদের সেখান থেকে চলে যেতে বললে শ্রমিকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

“এ ঘটনার জেরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ৩০/৪০ জন শ্রমিক স্টেশনে ঢুকে ভাংচুর চালায় এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মী কাউসারকে মারধর করে। এ সময় তাদের সঙ্গে স্টেশনের নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ হয়।”

হামলাকারীরা রোকনুজ্জামানকে মারধর করে তার রাইফেল কেড়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে জিআরপি পুলিশ গিয়ে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।