স্রোতে মাওয়ায় পারাপার ব্যাহত
পদ্মায় প্রবল স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত তিনশ’ যান।
ফাইল ছবি
মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, এপার থেকে কাওড়াকান্দি পৌঁছতে লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। কিন্তু উল্টো স্রোতে মাওয়ায় ফিরতে সময় লাগছে ন তিন থেকে পাঁচ ঘণ্টা। দুইপাড়ে প্রায় তিনশ’ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, “নতুন ঘাট সচল হওয়ায় ফেরি সার্ভিসে স্বাভাবিকতা ফিরে আসবে। এখন ঘাটের অভাবে লোড-আনলোড বিলম্ব হবে না। তবে নদীতে প্রবল স্রোতের কারণে ৩টি ফেরি বন্ধ রাখা হয়েছে।”
পদ্মায় বিলীন হয়ে যাওয়া মাওয়া ৩ নম্বর ফেরি ছয় দিনের মাথায় রোববার সন্ধ্যায় সচল হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় আকস্মিক ৩ নম্বর রো রো ফেরি ঘাটটি বিলীন হয়ে যায়।
এতে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিসে অচল অবস্থার সৃষ্টি হয়। ৪৬ ঘণ্টা পরে রো রো ফেরিঘাট ২ নম্বর ঘাটে স্থানান্তর করে সার্ভিস সচল রাখা হয়। কিন্তু ২ নম্বর ঘাটে সাধারণ ফেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে স্পিডবোট ঘাটের পাশে নতুন করে ৩ নম্বর ঘাট সাধারণ ফেরির জন্য স্থাপন করা হয়।
