পাবনায় নিখোঁজ যুবলীগ নেতার লাশ উদ্ধার
পাবনার আটঘরিয়া উপজেলায় নিখোঁজ এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অসিত ভদ্র (৪৪) জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু।
শনিবার রাতে পাবনা শহর থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পুলিশ।
ওসি সুব্রত কুমার বলেন, ফলিয়া গ্রামের পাশে কাঠগড়া সেতুর নিচে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
দুর্বৃত্তরা হত্যার পর ওই বিলে লাশটি ফেলে রেখে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিচয় শনাক্ত হওয়ার পর সোমবার বেলা ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, শনিবার রাতে শহরের শালগাড়িয়া থেকে নিখোঁজ হন অসিত ভদ্র।
তার মুঠোফোন বন্ধ পাওয়ার পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়।
