‘বন্যা কবলিতদের ত্রাণের অপ্রতুলতা নেই’
বন্যা কবলিতদের জন্য ত্রাণের কোনো অপ্রতুলতা নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মেসবাহ-উল আলম।
বাংলাদেশের বিভিন্ন নদীর ১৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক সমন্বয় সভায় সচিব বলেন, দেশের ১১টি জেলা কম-বেশি বন্যা কবলিত। এই জেলাগুলোর জেলা প্রশাসক ও ইউএনওদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
“চাহিদা অনুযায়ী ত্রাণ দেয়া হচ্ছে, ত্রাণের কোনো অপ্রতুলতা নেই। অর্থ বছরের শুরুতেই বন্যা হওয়ায় পর্যাপ্ত বরাদ্দও আছে।”
বন্যা কবলিত কোনো এলাকায় ত্রাণ নিয়ে সমস্যা থাকলে জেলা প্রশাসক ও ইউএনওদের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেন মেসবাহ।
সচিব জানান, সিরাজগঞ্জে করতোয়া-আত্রাই নদীর বাঘাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বগুড়ায় যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কথাও জানান তিনি।
এছাড়া জামালাপুরে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্ট, সিরাজগঞ্জে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্ট, মানিকগঞ্জের আরিচা, রাজবাড়ীর গোয়ালন্দ, শরীয়তপুরে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকুল পয়েন্ট, টাঙ্গাইলের এলাশীনহাট, গাজীপুরের লাখপুর, নেত্রকোনার কংশ নদীর জারিয়াজাঞ্জাইল, নীলফামারীর ডালিয়া, গাইবান্ধার ঘাঘট নদীর গাইবান্ধা, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর চিলমারী, সুনামগঞ্জের দিরাই ও সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান সচিব।
মেসবাহ জানান, বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও ইউএনওদের অনুকূলে তিন কোটি টাকা এবং আট হাজার মেট্রিকটন চাল ছাড় দেয়া হয়েছে।
সভায় ঢাকা, জামালপুর, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, নোয়াখালী, রংপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবার-ঘরবাড়ি ও ত্রাণ বিতরণের পরিসংখ্যান তুলে ধরেন সচিব।
সাত বিভাগীয় কমিশনার ছাড়াও দুর্যোগ ব্যববস্থাপনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
