২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধর্মঘট

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রলীগ অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে।  

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসের সাংবাদিকদের জানানো হয়, ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন রাবার বুলেট বিদ্ধ হন।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি আলী মুর্তজা খসরু অভিযোগ করেন, বেলা ১২টার দিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিবির।

ইসরাইলী গণহত্যার প্রতিবাদে মিছিল করার কথা থাকলেও মিছিল শেষে সমাবেশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয়।

তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করে প্রশাসন ভবনের দিকে গেলে ইবি থানা পুলিশ তাতে বাধা দেয় এবং রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিচার্জ শুরু করে।

এতে ইবি ছাত্রলীগ নেতা মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মিজানুর রহমান মিনু, ছাত্রলীগ কর্মী মাস্টার্সের ছাত্র বিপ্লব কর্মকার, ২য় বর্ষের ছাত্র টনি, ৩য় বর্ষের ছাত্র রিপন রাবার বুলেটবিদ্ধ এবং ৪র্থ বর্ষের ছাত্র জুয়েল রানা টনি লাঠির আঘাতে মারাত্মক আহত হন।

তাদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার আহ্বায়ক শামীম আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশী হামলায় ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়া, ছাত্রশিবির কর্তৃক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করা এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

“যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।”

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলসহ প্রশাসন ভবনের সামনে রাখা উপাচার্য ও উপ-উপাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এসময় ইবি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করাকালে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

ইবি থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আইনশৃংখলা বাহিনীর কাজে বাধা দেয়াসহ তাদের উপর আক্রমণ করায় পুলিশ নিজেদের রক্ষা করতে রাবার বুলেট ছুড়েছে।