যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে বদলি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কে এম নাসিরুদ্দিন মাহমুদকে বদলি করা হয়েছে।
ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমানকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার বিকালে কেএম নাসিরুদ্দিন মাহমুদ নতুন রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।
আইন সচিব (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ শেখ মো. জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বের অতিরিক্ত হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসাবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর আগে পূর্ণকালীন রেজিস্ট্রারই দেয়া হতো। সহযোগী হিসাবে ওই কার্যালয়ে একাধিক কর্মকর্তা থাকায় আমরা মনে করেছি,একজন জেলা জজকে পূর্ণভাবে নিয়োগ দেওয়ার দরকার নেই।”
