২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমভি সাত্তার খানের মাস্টারসহ আটক ৩

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবোচরে আটকে পড়া ‘এমভি সাত্তার খান-১’ এর মাস্টার ও সুকানিসহ তিন জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:51 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

এরা হলেন লঞ্চের মাস্টার মিলন হোসেন, সুকানি স্বপন খান ও ফোরকান।

রোববার বিকালে লঞ্চটি উদ্ধারের পর চাঁদপুর লঞ্চঘাটে এসে ভিড়লে তাদের আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর জানান, লঞ্চটি নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বিআইডাব্লিউটিএ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লঞ্চের মাস্টার মিলন হোসেন জানান, শুক্রবার রাতে লঞ্চের দুটি চেইনের মধ্যে একটি ছিঁড়ে যায়। এ অবস্থায় লঞ্চটির ইঞ্জিন বন্ধ করে দেয়া হয়। প্রচন্ড বাতাস ও স্রোতের কারণে লঞ্চটি মূল রুট থেকে প্রায় দুই কিলোমিটার ভেসে যায়, এতে লঞ্চটি ডুবোচরে আটকা পড়ে।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, রোববার বিকাল ৫টায় এমভি সাত্তার খান-১ জোয়ারের পানিতে ভেসে ওঠায় আটকে পড়া অবস্থা থেকে মুক্ত হয়।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন বলেন, এমভি সাত্তার খান-১ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল। লঞ্চটি রাত সাড়ে ১০টায় চাঁদপুরের মেঘনা নদী অতিক্রমকালে হাইমচর উপজেলার গাজীপুর এলাকার চরমনিপুর এলাকায় ডুবোচরে আটকা পড়ে।

শনিবার বেলা ১১টায় আটকাপড়া যাত্রীদেরর ‘এমভি রফ রফ-২’ লঞ্চের সাহায্যে উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসা হয়। চাঁদপুর থেকে তাদের ‘এমভি আঁচল’ নামের আরেকটি লঞ্চযোগে ওইদিন দুপুরে গন্তব্যস্থল পটুয়াখালীতে পাঠানো হয়।

মোবারক হোসেন জানান, অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শনিবার দুপুরে ‘এমভি সাত্তার খান-১’ ও কাগজপত্র জব্দ এবং তিন কর্মচারী আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।