মেঘনায় ডুবোচরে আটকাপড়া লঞ্চ উদ্ধার
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবোচরে আটকে থাকা লঞ্চ ‘এমভি সাত্তার খান-১’ দুদিন পর উদ্ধার হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে জোয়ারের পানিতে লঞ্চটি চর থেকে আলগা হওয়ার পর চাঁদপুর লঞ্চঘাটের উদ্দেশে রওয়ানা হয় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “এমভি সাত্তার খান-১ জোয়ারের পানিতে ডুবোচর থেকে মুক্ত হয়ে চাঁদপুরে যাচ্ছে।”
শুক্রবার রাত সাড়ে ১০টায় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চটি হাইমচরের গাজীপুরে চরমনিপুর এলাকায় মেঘনা নদীতে ডুবোচরে আটকা পড়ে।
শনিবার বেলা ১১টায় আটকাপড়া যাত্রীদের ‘এমভি রফ রফ-২’ লঞ্চের সাহায্যে উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসা হয়। পরে তাদের ‘এমভি আঁচল’ নামের একটি লঞ্চযোগে শনিবার দুপুরে গন্তব্যস্থল পটুয়াখালীতে পাঠানো হয়।
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ‘এমভি সাত্তার খান-১’- লঞ্চ ও কাগজপত্র জব্দ এবং সকল কর্মচারীবে আটক করা হয়েছে।
